স্বামীর খোঁজে ভারতে থেকে বানিয়াচংয়ে নারী, উঠেছে ঋণের অভিযোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ PM

স্বামীর খোঁজে ভারতে থেকে বানিয়াচংয়ে নারী, উঠেছে ঋণের অভিযোগ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০১:২৮:৩০ PM

স্বামীর খোঁজে ভারতে থেকে বানিয়াচংয়ে নারী, উঠেছে ঋণের অভিযোগ


স্বামীর খোঁজে ভারত থেকে হবিগঞ্জের বানিয়াচংয়ে এসে হাজির হয়েছেন সিতারা নামে এক নারী। তার অভিযোগ, বাংলাদেশি পরিচয় গোপন করে কলকাতার বাসিন্দা পরিচয়ে তাকে বিয়ে করেছিলেন বানিয়াচংয়ের মিজান মিয়া (২৮)। পরে তার নামে ভারতের এক্সিস ব্যাংক থেকে ৩ লাখ ৮৩ হাজার রুপি ঋণ নিয়ে বাংলাদেশে ফিরে এসে যোগাযোগ বন্ধ করে দেন মিজান।

অভিযুক্ত মিজান মিয়া বানিয়াচং উপজেলা সদরের ১ নম্বর ইউনিয়নের চানপুর বন্দের বাড়ি এলাকার বীমা তাহের মিয়ার ছেলে। সিতারা বাংলাদেশে আসার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে দাবি স্থানীয়দের। এমনকি কাতারে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন মিজান। সেখানে নিজেকে কলকাতার বাসিন্দা পরিচয় দিয়ে খ্রিস্টান তরুণী সিতারার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সিতারা ইসলাম ধর্ম গ্রহণ করে মিজানকে বিয়ে করেন।

বিয়ের পর সিতারার নামে ভারতের এক্সিস ব্যাংক থেকে কয়েক দফায় ৩ লাখ ৮৩ হাজার রুপি ঋণ নেওয়া হয় বলে অভিযোগ। পরে মা-বাবার সঙ্গে দেখা করার কথা বলে ওই ঋণের টাকা নিয়ে বাংলাদেশে চলে আসেন মিজান। এরপর থেকেই স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ সিতারার।

দীর্ঘদিন স্বামীর অপেক্ষায় থাকার পর ভারতে কর্মরত বানিয়াচংয়ের শ্রমিক সাইদুর রহমানের মাধ্যমে সিতারা জানতে পারেন, মিজানের বাড়ি কলকাতায় নয়, বাংলাদেশে। এরপর বিভিন্ন মাধ্যমে তার প্রকৃত ঠিকানা সংগ্রহ করে বানিয়াচংয়ে আসেন তিনি।

সিতারা জানান, মিজানের নেওয়া ব্যাংকঋণের কিস্তি পরিশোধের চাপ সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় স্বামীর সন্ধানেই বাংলাদেশে এসেছেন তিনি। একই সঙ্গে তাকে সহযোগিতা করতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন সিতারা।

ভারতে মিজানের সঙ্গে কাজ করা শ্রমিক সাইদুর রহমান বলেন, তিনি মিজানের সঙ্গে ভারতে কাজ করেছেন। সিতারার সঙ্গে মিজানের বিয়ে এবং তার নামে ব্যাংকঋণ নেওয়ার বিষয়টি সত্য বলে দাবি করেন তিনি।

স্বামীর সন্ধানে কয়েক দফা মিজানের বাড়িতেও গেছেন সিতারা। তবে মিজান বাড়িতে নেই জানিয়ে পরিবারের সদস্যরা তাকে চলে যেতে বলেছেন বলে অভিযোগ তার।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তারা মিজান ও সিতারার বিয়ের কাগজপত্র এবং ব্যাংকঋণসংক্রান্ত নথি দেখেছেন। সিতারা বানিয়াচংয়ে আসার পর থেকেই মিজান বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলেও দাবি তাদের।

ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই, সিতারার আইনি অধিকার নিশ্চিত এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর