ছয় লেনের মহাসড়ক, জমির ন্যায্য মূল্য চান মাধবপুরের ভূমিমালিকরা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ PM

ছয় লেনের মহাসড়ক, জমির ন্যায্য মূল্য চান মাধবপুরের ভূমিমালিকরা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৩:৪৬:০৯ PM

ছয় লেনের মহাসড়ক, জমির ন্যায্য মূল্য চান মাধবপুরের ভূমিমালিকরা


ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের ন্যায্যমূল্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ভূমিমালিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে মাসুম বিল্লাহ, হাজী শফিকুল ইসলাম, শাওন মিয়া, হুমায়ুন আহমেদসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত হলে দেশের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। উন্নয়ন প্রকল্পের এ উদ্যোগকে তাঁরা বিরোধিতা করছেন না। তবে প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে সাধারণ মানুষ যাতে ক্ষতির মুখে না পড়েন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তাঁদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমি অধিগ্রহণের কারণে অনেক পরিবার বসতভিটা, কৃষিজমি ও ব্যবসাপ্রতিষ্ঠান হারানোর ঝুঁকিতে রয়েছে। তাই জমির প্রকৃত বাজারমূল্য বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ এবং তা দ্রুত পরিশোধের দাবি জানান তাঁরা।

ক্ষতিগ্রস্ত ভূমিমালিকরা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের উদ্যোগের সঙ্গে তাঁদের আপত্তি নেই। তবে ন্যায্য অধিকার ও সম্পদের যথাযথ মূল্য নিশ্চিত করেই প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে। অন্যথায় অনেক পরিবার আর্থিক ও সামাজিকভাবে ক্ষতির মুখে পড়তে পারে।

মানববন্ধন থেকে ভূমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণ নির্ধারণের দাবি জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং স্বচ্ছতার সঙ্গে অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান বক্তারা।

স্থানীয় ভূমিমালিকরা আশা প্রকাশ করেন, সরকারের এ বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থও সমান গুরুত্ব পাবে। জমির ন্যায্য মূল্য ও প্রাপ্য ক্ষতিপূরণ থেকে তাঁরা বঞ্চিত হবেন না এমন প্রত্যাশাও জানান তাঁরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর