অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চলাচল বন্ধের দাবিতে সিলেটের গোলাপগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ট্রাক শ্রমিকরা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার স্মারকলিপি ও দাবি জানানোর পরও কার্যকর পদক্ষেপ না পাওয়ার অভিযোগে রোববার সকাল থেকে এ কর্মসূচিতে যান গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা।
কর্মবিরতির কারণে গোলাপগঞ্জে ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে পণ্য পরিবহন ব্যবস্থায় এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। দীর্ঘস্থায়ী কর্মসূচিতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গোলাপগঞ্জ উপজেলা উপ-কমিটির সহ-সভাপতি আইন উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সংখ্যা দিন দিন বাড়ছে। এসব যান চলাচলের কারণে সড়কে যানজট তৈরি হচ্ছে। একই সঙ্গে বৈধভাবে চলাচলকারী ট্রাক ও অন্যান্য পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এসব যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে জানান তিনি।
উপ-কমিটির সভাপতি কামাল আহমদ নূর বলেন, ব্যাটারিচালিত ভ্যানগাড়ির অবাধ চলাচল বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। বারবার দাবি জানানোর পরও সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, “তাদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বৈধ যানবাহনের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্যই তারা এ কর্মসূচি পালন করছেন।”
কামাল আহমদ নূর আরও বলেন, প্রশাসন দ্রুত অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ির চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে আগামীকাল থেকে পুরো সিলেট বিভাগে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
তবে শ্রমিকদের কর্মবিরতি নিয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: রফিকুল ইসলাম বলেন, “এটা স্বাধীন দেশে এখানে যেকেউ কর্মবিরতি পালন করতে পারে। তবে এ বিষয়ে আমার সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। বিভিন্ন মাধ্যমে আমি জানতে পেরেছি তারা কর্মবিরতিতে আছে। কর্মবিরতিতে কোনো ধরনের অপ্রীতিকর কিছু হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রমিকদের দেওয়া স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। শ্রমিকরা চাইলে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারেন বলেও জানান তিনি।
এদিকে অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে গোলাপগঞ্জে পণ্য পরিবহন ও সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ সময় কর্মবিরতি চললে সাধারণ মানুষ ও পণ্য পরিবহন ব্যবস্থায় ভোগান্তি বাড়তে পারে বলে স্থানীয়রা মনে করছেন। পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আগেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
শ্রমিকরা তাঁদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
আজকের সিলেট/ জেকেএস









