আবার উত্তপ্ত মণিপুর, ইন্টারনেট বন্ধ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৭ PM

আবার উত্তপ্ত মণিপুর, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ০৯:১১:১৫ AM

আবার উত্তপ্ত মণিপুর, ইন্টারনেট বন্ধ


ভারতের উত্তরের রাজ্য মণিপুর আবার অশান্ত হয়ে উঠেছে মেইত জাতিগোষ্ঠীর এক শীর্ষ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে। শনিবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানী ইম্ফালের কোয়াকেইথেল এলাকা থেকে ওই নেতাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

রাতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের কেন্দ্রীয় উপত্যকা অঞ্চল। নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমে আসে মেইত জনগণ।

রাজধানীসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কোয়াকেইথেলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাধে। এতে একাধিক ব্যক্তি আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার সকাল থেকে ইম্ফাল পূর্ব ও পশ্চিম, কাকচিং, থোবাল এবং বিষ্ণপুর জেলার মোবাইল ডেটা ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় প্রশাসন।

পাঁচ দিনের জন্য কার্যকর এই নিষেধাজ্ঞা মণিপুরে আবারও নজরদারি ও তথ্যপ্রবাহের ওপর বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

এর আগেও, গত বছরের সেপ্টেম্বর মাসে বড় সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর প্রায় চার মাস ধরে ইন্টারনেট বন্ধ ছিল রাজ্যজুড়ে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে মণিপুর হাইকোর্টের এক রায়ে মেইত জাতিগোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার নির্দেশ দিলে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য। কুকি ও অন্যান্য পাহাড়ি উপজাতিরা এই রায়ের বিরুদ্ধে আন্দোলনে নামে। তাদের দাবি, মেইতদের এই স্বীকৃতি দিলে তারা পাহাড়ি এলাকায় জমি কেনার অধিকার পাবে এবং তফসিলি কোটা সুবিধা ভোগ করবে— যা পাহাড়ি জাতিগুলোর অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

সেই থেকেই মণিপুরে চলমান জাতিগত সংঘাত থামেনি। সময় সময় আবারও দাঙ্গা, হামলা ও উত্তেজনার ঘটনা ঘটছে। নতুন করে আবারও সেই আগুনেই ঘি ঢেলেছে এই গ্রেপ্তারকাণ্ড।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর