নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ PM

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ১১:১০:০০ AM

নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান


মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যুক্ত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ৫০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার ফলে দেশটির হাইফা শহরে অন্তত চারজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম পার্স টুডে ও দ্য ইকোনমিক টাইমস।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যার কিছু আগে ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সারা দেশে রেড অ্যালার্ট জারি করে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "ইরান থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জনগণকে দ্রুত বোমাশেল্টার বা নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে।"

এদিকে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত সরাসরি কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো একে ‘জবাবি প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করছে।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শহরের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে।

গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার হত্যার পর এই হামলাকে ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এ ধরনের সংঘর্ষ সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর