তেমুখি শাহজালাল ব্রিজ যেন মরণফাঁদ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩১ PM

তেমুখি শাহজালাল ব্রিজ যেন মরণফাঁদ

শিপন চন্দ জয়

প্রকাশিত: ১৮/০২/২০২৪ ০৭:৫৮:৪১ AM

তেমুখি শাহজালাল ব্রিজ যেন মরণফাঁদ

তেমুখি শাহজালাল ব্রীজে ফাটল। ছবি: সোহেল মিয়া



সিলেট শহরতলি সুনামগঞ্জ বাইপাস সড়ক তেমুখি শাহজালাল ব্রিজ যেন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। এ যেন অভিভাবকহীন একটি সেতু, অযত্ন-অবহেলায় পড়ে আছে বহুদিন থেকে। স্টিলের পাত থেকে শুরু করে সেতুর গুরুত্বপূর্ণ কাঠামো চুরি হয়ে যাচ্ছে, এ খবর রাখে না কেউ।

বর্তমানে একদিকে সেতুটির প্যানের জোড়াস্থলে স্টিলের পাতের বদলে করা হয়েছে বাঁশের ব্যবহার, অন্যদিকে বিদ্যুতের খুঁটি থাকলেও উপরে থাকা বাতিগুলো নষ্ট। বাতিবিহীন সেতুতে সন্ধ্যার পর  নামে ঘুটঘুটে অন্ধকার এই সময় ভয় ভীতির মধ্যে দিয়ে যাতায়াত করেন পথচারী ও এলাকাবাসীরা । এই হচ্ছে এসএমপি’র জালালাবাদ থানাধিন সিলেট শহরতলির তেমুখির শাহজালাল তৃতীয় সেতুর অবস্থা।


এক সিএনজি অটোরিকশা চালক বলেন, এই রাস্তা দিয়ে মাসুক বাজার থেকে বন্দর যাতায়াত করতে অনেক সময় লাগে। এই সড়ক দিয়ে আমরা অনেক ঝুঁকি নিয়ে যানবাহন চলাতে হয়। এই ফাটলের জন্য গাড়ির বিয়ারিং চলে যায়। অনেক সময় বড় দূর্ঘটনার কবলে পড়তে হয়।

তিনি আরও বলেন, ব্রিজ হওয়ার পর থেকে একবার তার রিপিয়ারিং করা হয়। সেই সময় স্টিলের পাতের বদলে বাশ দিয়ে কাজ সম্পূর্ণ করা হয়।


এ অবস্থায় নিরাপত্তাহীনতা আর উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন এলাকাবাসীসহ এ সেতুতে যাতায়াতকারীরা। গত শুক্রবার শাহজালাল তৃতীয় সেতুতে গিয়ে সরেজমিনে দেখা যায় সেতুর প্যানের জোড়ায় (এক্সপানশন জয়েন্ট) স্টিলের পাতের জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে এবং সেই ফাঁক জায়গাগুলোতে রাস্তা ভাঙ্গা শুরু হয়েছে ।

সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন মুঠোফোনে আজকের সিলেটকে জানান, তেমুখী শাহজালাল (৩) ব্রীজের বিষয়ে অবগত নন। তবে তিনি সওজ বিভাগের লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।  

সওজ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান মুঠোফোনে আজকের সিলেটকে বলেন, আমরা এটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং যদি সংষ্কারের প্রয়োজন হয় তাহলে সংষ্কার করব। এছাড়াও যদি একদিকে সেতুটির প্যানের জোড়াস্থলে ইস্পাতের গ্যাপ বড় হয়ে থাকে বা গ্যাপ বড় হওয়ার কারণে এক্সিডেন্ট ঘটে তা সংস্করণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

আজকের সিলেট/এফএম/এসসিজে/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর