কমলগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরও একজন গ্রেফতার
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ PM

কমলগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরও একজন গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০১:৪০:৪৩ PM

কমলগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরও একজন গ্রেফতার


মৌলভীবাজারের কমলগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে করা মামলায় কবির (৩০) নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজনগর থানার দক্ষিণ খারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার কবির রাজনগর উপজেলার গাঙ্গপাড় এলাকার উকিল মিয়ার ছেলে। মামলার এজাহারে তাকে চার নম্বর আসামি করা হয়েছে।

এর আগে রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কমলগঞ্জ থানার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। প্রায় তিন-চার মাস আগে মামলার এক নম্বর আসামি মো. জাহেদ আহমেদের সঙ্গে মুঠোফোনে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়।

মামলার এজাহার ও এসআরবির তথ্য অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর বিকেল পাঁচটার দিকে জাহেদের প্ররোচনায় ওই ছাত্রী নিজ বাড়ি থেকে বের হয়ে মৌলভীবাজার শহরে যায়। পরে জাহেদ তাঁকে ফুসলিয়ে রাজু আহমেদ ও জুবেল মিয়ার সহায়তায় সিএনজিচালিত অটোরিকশায় করে কমলগঞ্জ থানার অধীন এক আসামির বাড়িতে নিয়ে যান।

এসআরবি জানায়, সেখানে রাতে আসামিরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন সকালে জাহেদ তাঁকে নিজের বাড়িতে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে জাহেদসহ চার আসামি আবারও তাঁকে ধর্ষণ করেন।

পরে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে আসামিরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালীমন্দির থেকে বড়চেগগামী সড়কে তাঁকে নামিয়ে দিয়ে চলে যান। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩)/৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার কবিরকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর