গোয়াইনঘাটে চাকরির প্রলোভনে ভারতে পাঠানোর প্রস্তুতি, দুই নারীসহ আটক ৭
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ PM

গোয়াইনঘাটে চাকরির প্রলোভনে ভারতে পাঠানোর প্রস্তুতি, দুই নারীসহ আটক ৭

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৬:৫৩:৪১ PM

গোয়াইনঘাটে চাকরির প্রলোভনে ভারতে পাঠানোর প্রস্তুতি, দুই নারীসহ আটক ৭


উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে পাঠানোর প্রস্তুতির অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে দুই নারীসহ সাত বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বড়ইতলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের বকুলতলা গ্রামের হাবিব হাওলাদারের ছেলে মো. সাইফুল (২১), খুলনার দিগলদিয়া থানার বাগমারা গ্রামের হুমায়ুন শিকদারের ছেলে মো. রাব্বি শিকদার (১৭), কাজিগঞ্জ মোগলা গ্রামের রিয়াদুলের ছেলে মো. কাউছার (১৬), বাগেরহাটের বকুলতলা গ্রামের বাবুল মোল্লার ছেলে মো. ওমর ফারুক (১৮), মোড়লগঞ্জ থানার নিশানবাড়িয়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. পারভেজ হাসান (২১), নড়াইলের কালিয়া উপজেলার ভমবাগ গ্রামের সুরত আলীর মেয়ে শম্পা (২৪) এবং ঢাকার যাত্রাবাড়ী সুতারপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে মুন্নি (১৬)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, অজ্ঞাত এক দালালের মাধ্যমে মোটা বেতনের চাকরির প্রস্তাব দিয়ে তাদের সিলেটের জাফলং এলাকায় আনা হয়। দুই নারীকে ভারতে বাসাবাড়িতে মাসে ৫০ হাজার টাকা এবং পাঁচ যুবককে বিভিন্ন কোম্পানিতে মাসে ৩৫ হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল।

পরে মিজান নামে এক ব্যক্তি তাদের নলজুরি বড়ইতলা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে নিয়ে যান। পুলিশের দাবি, ওই বাড়িতে অবস্থান করে তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে গোয়াইনঘাট থানার তামাবিল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় দুই নারীসহ সাতজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে ওই সাতজন নলজুরি বড়ইতলা এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এ ঘটনায় জড়িত দালালদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর