শিক্ষার্থী আজমল হোসেনের মুক্তির দাবীতে মানববন্ধন
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৭ PM

শিক্ষার্থী আজমল হোসেনের মুক্তির দাবীতে মানববন্ধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৬:৪০:০৮ PM

শিক্ষার্থী আজমল হোসেনের মুক্তির দাবীতে মানববন্ধন


নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, গোয়াইনঘাট এর উদ্যোগে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা কমিটির সাবেক সদস্য এইচএসসি পরীক্ষার্থী আজমল হোসেনের নিঃশর্ত মুক্তি ও গোয়াইনঘাট থানার ওসি'র অপসারণ এবং জাফলং ইসিএ এরিয়া থেকে অবৈধভাবে বালু পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এতে শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট সরকারি কলেজের এইচ এস সি পরীক্ষার্থী আটককৃত আজমলের মা রাবেয়া বেগম। তিনি বলেন, আমার ছেলে নিরপরাধ। সে একজন জুলাই যোদ্ধা। সে অন্যায়ের প্রতিবাদ করত।বালু,পাথর লুটতরাজদের বিরুদ্ধে কথা বলেছে।তাই আমার ছেলেকে লুটপাটকারীরা মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ আমার ছেলের বুকে চাঁদাবাজ লিখে ছবি তুলছে। আমার ছেলে নির্দোষ। আমি ছেলের মুক্তি দাবী করছি।

সংগঠক ফরহাজুল ইসলাম ফরহাদ এর পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাংবাদিক গোলজার আহমদ হেলাল,সাদিকুজ্জামান হাজ্জাজ,মোবারক হোসেন রানা, ফারদিন হোসেন রোমান, ছামিউল হক মাহি, আজমলের সহপাঠী, জিছান, তাকি, নাঈম, আজমলের ভাই দিলদার হোসেন, গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী তাঞ্জিনা বেগম প্রমূখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী ফয়সল আহমদ, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির আহবায়ক এডভোকেট আব্দুল আহাদ, জৈন্তাপুর উপজেলার আহবায়ক মোশাহিদ আলী,সমাজসেবক আব্দুল করিম, সংগঠক জহিরুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি উসমান আলী প্রমুখ।

সভায় বক্তারা নিরপরাধ আজমলের অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করে বলেন, আজমলের সাথে দুর্ব্যবহারকারী পুলিশ সদস্যদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনতিবিলম্বে অপসারণের দাবী জানান তারা।

সভায বক্তারা আরো বলেন, সিলেটে গোয়াইনঘাটের শিক্ষার্থী ও তরুণ সমাজকর্মী, পরিবেশ আন্দোলনের সাহসী কণ্ঠ আজমল হোসেনকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এটি অবৈধ বালু-পাথর উত্তোলনকারী প্রভাবশালী চক্রের পরিকল্পিত পদক্ষেপ।

তারা বলেন,আজমল কখনো চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল না বরং দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে আন্দোলন করে আসছিল। অথচ পাথর ও বালু দস্যুদের গ্রেফতার না করে উল্টো পরিবেশকর্মী আজমলকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে যা অন্যায়, অযৌক্তিক ও পরিকল্পিত।বক্তারা আজমলের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে সিলেটের সচেতন ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীরা অংশ নেয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর