বল খোঁজতে গিয়ে সুরমায় পড়ে নিখোঁজ হয়েছে ১৩ বছরের এক মাদরাসা ছাত্র। নিখোঁজ কিশোর আবির নগরীর বেতের বাজার এলাকায় ভাড়াটিয়া হিসাবে থাকেন। তার পৈতৃক বাড়ি গোয়াইনঘাটের জাফলংয়ে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর বেতেরবাজার এলাকায় সুরমায় পড়ে যাওয়া বল উদ্ধার করতে গিয়ে আবির নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো আবির। দু’দিন আগে তার একটি ফুটবল সুরমায় পড়ে গেলে সেটি আর সংগ্রহ করা সম্ভব হয়নি। এ নিয়ে সে অনেক কান্নাকাটি করলে সোমবার তার পিতা আবারও একটি বল কিনে দেন।
দুপুরের দিকে মাদরাসা থেকে ফিরে কয়েকজন বন্ধুর সাথে বল নিয়ে খেলছিল আবির। হঠাৎ বলটি সুরমায় পড়ে গেলে সেও নদীতে নেমে বলটি ধরে ফেলে। কিন্তু এরপর তীরে ভেড়ার আগে আবার বলটি হাত ফসকে স্রোতের টানে দূরে চলে গেলে ছেলেটি ডুবতে শুরু করে। সে ভালো করে সাঁতার জানতোনা।
একজন প্রত্যক্ষদর্শী দূর থেকে তাকে হাত তুলতে দেখে দৌড়ে আসেন। কিন্তু ততক্ষনে ছেলেটি সুরমায় তলিয়ে যায়।
সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় কয়েকজন ডুবুরি নদীতে নেমে আবার যুবকদের কয়েকজন নৌকা নিয়ে খুঁজলেও তার কোনো সন্ধান মিলেনি।
এদিকে, ফায়ার সার্ভিসের ডুবুরিরা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করলেও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আবিরকে পাওয়া যায়নি। তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তবে সিলেট ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিটের প্রধান আবুল হোসেন জানান, স্রোত প্রবল পানিও অপরিস্কার। তাই খুঁজতে সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








