একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সিলেট মহানগর বিএনপি।
বুধবার বিকেলে সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ২০ আগস্ট ২০২৫ তারিখে দৈনিক সমকালের ৪র্থ পাতায় এবং অনলাইন ভার্সনে “দুদকের অনুসন্ধান: সিলেটে সাদাপাথর চুরির সঙ্গে জড়িত ৪২ জন” শীর্ষক সংবাদে দুদকের সূত্র দিয়ে কোনপ্রকার সু-নির্দিষ্ট সূত্র, যথাযথ অনুসন্ধান এবং কোন প্রকার তথ্য প্রমাণ ছাড়াই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিতভাবে পাথর চুরির সাথে জড়িত মর্মে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমার এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম লুটেরাদের তালিকায় যুক্ত করেছে। এতে করে আমরা রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্নই নয় বরং এই ধরনের বাস্তবতা বিবর্জিত কাল্পনিক সংবাদের কারণে আমরা আশ্চর্জ হয়েছি। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন ভাবেই এই অপকর্মের সাথে জড়িত থাকার প্রশ্নই আসেনা। যারা এই মিথ্যা তথ্যটি পরিবেশন করেছেন তাদেরকে এটি প্রমাণ করতেই হবে অথবা এই ধরনের মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের জন্য নিঃশ্বর্ত ক্ষমা চাইতে হবে।
সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে জানান।
তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিত ভাবে সারাদেশে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় গত কিছুদিন থেকে সিলেট বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে গুজব ও অপপ্রচার করা হচ্ছে। একটি পক্ষ ভোটের মাঠে সুবিধা করতে না পেরে এখন বিএনপিকে ঘায়েল করার চক্রান্ত করছে। ধানের শীষের সুনিশ্চিত বিজয়কে বাঁধাগ্রস্ত করতে এবং বিএনপিকে বিতর্কিত করতে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে, দুদকের কর্মকর্তারা সাদাপাথর সরেজমিন পরিদর্শনকালে এ ঘটনায় প্রশাসনের গাফিলতির বিষয়টি বলেছেন এবং সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাও প্রশাসনের দায় আছে মর্মে গণমাধ্যমে বলেছেন।
এসময় তারা উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং সত্য সংবাদটি আপনাদের মাধম্যে গণমাধ্যমে উঠে আসবে বলে সিলেটবাসী প্রত্যাশা করে।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পদক ইমদাদ হোসেন চৌধুরী।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








