আদালতে আসামি পক্ষের ওপর বাদিনীর হামলায় আহত ২, আটক ২
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩৫ AM

আদালতে আসামি পক্ষের ওপর বাদিনীর হামলায় আহত ২, আটক ২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০৪:৩৬:৪২ PM

আদালতে আসামি পক্ষের ওপর বাদিনীর হামলায় আহত ২, আটক ২


সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে যৌতুক নিরোধ আইনের মামলার রায় ঘোষণার পর ঘটলো চাঞ্চল্যকর ঘটনা। রায়ে স্বামী খালাস পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বাদিনী আদালত চত্বরে স্বামীর পক্ষের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান। এতে দুইজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই বাদিনী ও তার ভাইকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, সিলেট নগরীর কোতোয়ালী থানার ঘাসিটুলা এলাকার মৃত মো. বাবু মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫৭) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে সাদিকুর রহমান (২৯)। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, বিশ্বনাথ থানার সিআর মামলা নং ৪৯৭/২০২৩ ইং, যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা মামলার একমাত্র আসামি ছিলেন সিলেটের ওসমানীনগর থানার মোবারকপুর এলাকার মো. আব্দুস শুকুর (৪০)। মঙ্গলবার চিফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক আব্দুল্লাহ আল নোমান রায়ে তাকে খালাস দেন।

রায়ে ক্ষুব্ধ হয়ে বাদিনী-বিশ্বনাথ থানার ধলিপাড়া শেখপাড়া এলাকার মৃত মন্তাজ আলীর মেয়ে মোছা. নুরজাহান বেগম (৩৮)- আদালতের ৬ষ্ঠ তলা থেকে দৌড়ে ৩য় তলায় গিয়ে আসামি পক্ষের ওপর ধারালো চাকু ও হাতুড়ি দিয়ে হামলা চালান। এতে আসামি পক্ষের দুইজন গুরুতর আহত হন। পরে ভীত-সন্ত্রস্ত হয়ে তারা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে আশ্রয় নেন।

তাৎক্ষণিকভাবে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা নুরজাহান বেগম ও তার ভাই মনজাম মিয়াকে (২৮) আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি চাকু, একটি হাতুড়ি ও একটি সেলাই রেঞ্জ জব্দ করা হয়।

কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক বলেন, আজ দুপুরে আদালত প্রাঙ্গণে যৌতুক নিরোধ আইনের মামলার রায়ে খালাস পাওয়া আসামির ওপর ক্ষুব্ধ হয়ে মামলার বাদিনী হামলা চালান। এতে আসামি পক্ষের দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে দুইজনকে আটক করা হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ দায়ের করেননি, অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

এ ঘটনার পর আদালত ভবনে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আদালত ও আশপাশের এলাকায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর