নগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুড়া চা বাগান মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ঐপন দাস (৪২) এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগানের মৃত রগু দাসের ছেলে। তিনি কেওয়াছড়া চা বাগানের একজন শ্রমিক।
বৃহস্পতিবার বিকাল ৫টায় এয়ারপোর্ট সড়কে লাক্কাতুড়া চা বাগান মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐপন দাস কেওয়াছড়া চা-বাগানে চা-পাতা বহনকারী ট্রাক্টরের হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ট্রাক্টরযোগে কেওয়াছড়া চা-বাগান থেকে লাক্কাতুরা চা-বাগানে চা-পাতা পরিবহনকালে লাক্কাতুরা চা-বাগান স্টাফ মসজিদের সামনে সিলেট-এয়ারপোর্ট প্রধান সড়কে চলন্ত ট্রাক্টর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান।
পরবর্তীতে ট্রাক্টরের পিছনের চাকায় চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করার জন্য এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে কলে পাওয়া যায়নি।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








