ওসমানীনগরে রাস্তাঘাটের বেহাল দশা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৯ PM

ওসমানীনগরে রাস্তাঘাটের বেহাল দশা

সংবাদদাতা

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৮:৫৮:৪৮ AM

ওসমানীনগরে রাস্তাঘাটের বেহাল দশা


সিলেট-ঢাকা মহাসড়কের সঙ্গে সংযুক্ত ওসমানীনগর উপজেলার অন্তর্ভুক্ত আটটি গুরুত্বপূর্ণ গ্রামীণ পাকা সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগ সৃষ্টি করেছে এলাকাবাসীর জন্য। দীর্ঘদিন সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় প্রায় ৬০ কিলোমিটার এর অধিক সড়কজুড়ে অসংখ্য বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন হাজার হাজার যাত্রী, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও পণ্য পরিবহনকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত সড়কগুলো হলো- সিলেট-ঢাকা মহাসড়ক থেকে বুরুঙ্গা বাজার সড়ক বেগমপুর থেকে কালনী চর ও হাজিপুর সড়ক, শেরপুর থেকে কুশিয়ারা বাজার সড়ক,কলারাই থেকে হলিমপুর সড়ক, দয়ামির থেকে গহরপুর সড়ক, তাজপুর থেকে বালাগঞ্জ ও মঙ্গলচণ্ডি সড়ক, গোয়ালাবাজার থেকে খাদিমপুর সড়ক গোয়ালাবাজার থেকে  কালিবাড়িবাজার সড়ক, সোয়ারগাঁও থেকে চিন্তামণি ও ধিরারাই সড়ক এসব সড়ক শুধু ওসমানীনগর নয়, আশপাশের বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার এবং সিলেট মহানগরীর সঙ্গেও গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে। ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, রোগী পরিবহন—সবকিছুতেই এসব রাস্তায় নির্ভরশীল স্থানীয় জনগণ।

সড়কগুলোর বড় বড় গর্তে প্রতিনিয়ত যানবাহন আটকে যাচ্ছে বা বিকল হয়ে পড়ছে। এতে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। শিক্ষার্থীরা বলেন, “গাড়ি যখন গর্তে পড়ে তখন আমরা ধাক্কা খেয়ে পড়ে যাই, অনেক সময় মাথায় আঘাতও লাগে। বর্ষায় এই দুর্ভোগ আরও বেড়ে যায়, কারণ তখন গর্তে পানি জমে থাকে, কাদা-পানি ছিটকে পড়ে আমাদের গায়ে।

বুরুঙ্গা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাতির উল্লা বলেন, সড়কের এমন অবস্থা যে কিছু কিছু স্থানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। প্রতিদিন কোনো না কোনো গাড়ি বিকল হয়ে রাস্তার পাশে পড়ে থাকে। যাত্রী কমে গেছে, আয়-রোজগারও কমে গেছে।

স্থানীয় বালু, পাথর  ব্যবসায়ী আতিক মিয়া ও ইউসুফ আলী বলেন, পণ্য পরিবহন করতে গেলে চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করেন। কেউ কেউ তো একদম যেতে চায় না। এতে আমাদের ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

কালিবাড়ি বাজার এলাকার বাসিন্ধা মাসুক মিয়া বলেন, গোয়ালাবাজার পূর্বাঞ্চল হয়ে কালিবাড়িবাজার বালাগঞ্জ সড়ক দুর্ঘটনাবহুল এলাকা বিশেষ করে রুগী নিয়ে এই রাস্তায় চলাচল করা অসম্ভব, তবে এখন মাঝেমধ্যে ওসমানীনগর অংশে  রাস্তার কিছু ভাংগা যায়গা সংস্কার হচ্ছে,সংশ্লিষ্টদের ধন্যবাদ। 

ওসমানীনগর উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, দায়ামীর - খন্দকার বাজার ও গোয়ালা বাজার থেকে নশিরপুর সড়ক সহ ৩ টি সড়কে পাকার কাজ চলমান রয়েছে। এবং ওসমানীনগরের বেশ কয়েকটি সড়ক সংস্কারের জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। ইতোমধ্যে কয়েকটির কাজ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

তবে স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এমন প্রতিশ্রুতি শুনলেও দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়ছে না। তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

সচেতন মহলেরদাবী স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও পেশাজীবী নেতারা বলেন, ওসমানীনগর-সিলেট অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির জন্য গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। এসব গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কার না করলে শুধু ভোগান্তি নয়, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা জানমালের ব্যাপক ক্ষতি ডেকে আনবে।

ওসমানীনগরবাসীর প্রত্যাশা, সরকার এবং স্থানীয় প্রশাসন দ্রুত এসব গ্রামীণ সড়ক সংস্কারের কাজ হাতে নিয়ে জনগণের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করবে। প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরুর জন্য বিশেষ বরাদ্দ দেয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর