চিকিৎসা মানুষের মৌলিক অধিকার- এই বিশ্বাসকে ধারণ করে মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই তার জীবনের মূল লক্ষ্য উল্লেখ করেছেন বিয়ানীবাজার-গোলাপগঞ্জ (সিলেট-৬) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমি সবসময় কাজ করতে চাই। পুরাতন বস্তা পঁচা রাজনীতি বাদ দিয়ে কোরআনের শিক্ষার আলোকে এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে দায়িত্বশীলতা, আল্লাহভীতি, মানবিকতা ও মানুষের প্রতি মূল্যায়ন থাকবে।
সমাজের সুবিধাবঞ্চিত ও অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষের জন্য চিকিৎসা সেবার সুযোগ নিশ্চিত করতে তার উদ্যোগে সম্প্রতি বিয়ানীবাজারের তিলপাড়া ও লাউতা ইউনিয়নে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পে অসংখ্য নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। শিশুরোগ, মেডিসিন, গাইনী, চক্ষু, ডেন্টাল, নাক-কান-গলা ও বাত রোগসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।
ক্যাম্পে শিশুরোগ, মেডিসিন, গাইনী, চক্ষু, ডেন্টাল, নাক-কান-গলা ও বাত রোগসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।
জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এখন থেকে আর কষ্ট করে চিকিৎসা নিতে আসতে হবে না—ডাক্তাররাই জনগণের কাছে গিয়ে সেবা দেবেন। প্রতি এলাকায় চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে এম্বুলেন্স সুবিধাসহ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। প্রয়োজন হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উন্নত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
তিনি আরও জানান, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ১২টি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিনামূল্যে চিকিৎসা পেয়ে স্থানীয়রা গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং মোহাম্মদ সেলিম উদ্দিনের মানবিক এই উদ্যোগের প্রশংসা করেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








