নগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর মন্দিরে ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে রক্তদান কর্মসূচি শুরু করেছে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট। শুক্রবার সকাল ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা রেজাউল হাসান কয়েস লোদী। তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে মানুষের জীবন বাঁচাতে সবাইকে এ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাও জানান। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতি, মানবিকতা ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
রক্তদান উপকমিটির সভাপতি অরুণ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের নেতৃবৃন্দ, আয়োজক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র।
আয়োজকেরা জানান, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সমাজে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
আজকের সিলেট/ জেকেএস









