জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পারফরম্যান্সের ভিত্তিতে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। তাঁর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ উপলক্ষে দেওয়া অভিনন্দন বার্তায় মেহেদী হাসানের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা, আন্তরিকতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার প্রশংসা করা হয়। বার্তায় উল্লেখ করা হয়, তিনি প্রতিটি কাজ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দীর্ঘসূত্রতা এড়িয়ে চলেন। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও কর্মস্পৃহাও প্রশংসনীয়।
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, ইউএনও হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই মেহেদী হাসানের কর্মতৎপরতা তাঁকে মুগ্ধ করেছে। কাজের গুরুত্ব বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তিনি ইউএনওকে ‘মাধবপুরের ফাটাকেষ্ট’ বলে অভিহিত করেন।
মাহবুবুর রহমান সোহাগ আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এই অর্জন মেহেদী হাসানের দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি। সততা, নিষ্ঠা ও কর্মস্পৃহা নিয়ে কাজ চালিয়ে গেলে প্রশাসনের অন্যান্য ক্ষেত্রেও তিনি সাফল্য অর্জন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নিজের অনুভূতি জানিয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, “অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। এসব দায়িত্ব একটি ইবাদতের অংশ হিসেবে পালন করছি।”
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের আশা, জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিভাগীয় পর্যায়ে এই অর্জন মাধবপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সংশ্লিষ্টদের আরও উৎসাহিত করবে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








