থানায় আসলেই পাবেন 'আপনার এসপি'কে
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৭ PM

‌‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’

থানায় আসলেই পাবেন 'আপনার এসপি'কে

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৫ ০৮:২৪:৪২ AM

থানায় আসলেই পাবেন 'আপনার এসপি'কে


পুলিশি সেবা নিতে আর দীর্ঘ পথ পাড়ি দিতে হয় না মৌলভীবাজারের সাধারণ মানুষকে। এখন থেকে নিজ থানায় বসেই ভিডিওকলে সরাসরি পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানানো যাচ্ছে অভিযোগ। মৌলভীবাজার জেলা পুলিশের নতুন এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আপনার এসপি’।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আপনার এসপি’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

এর‌ আগে প্রায় দেড়মাস পরীক্ষামূলকভাবে সাত থানায় চালু ছিল এই সেবা। সেবাটি শুধু সাধারণ নাগরিকদেরই নয়, থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিজ নিজ সমস্যার কথা জানাতে পারবেন।

‌‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’—স্লোগানকে সামনে রেখে জেলার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এই ডিজিটাল সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। উদ্যোগটির ফলে জেলা সদর পর্যন্ত ছুটে আসার ঝামেলা কমেছে। সময় ও খরচ দুটোই বেঁচে যাচ্ছে মানুষের।

জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’, যেখানে ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন নাগরিকরা। প্রতিটি ডেস্কে দায়িত্ব পালন করছেন একজন নারী ও পুরুষ অপারেটর। তারা সাধারণ মানুষকে সহায়তা করছেন অভিযোগ জানাতে ও সমস্যার সমাধান পেতে। এই সেবার মাধ্যমে থানায় প্রাপ্ত তথ্য সরাসরি পৌঁছে যাচ্ছে এসপি অফিসে। ফলে অভিযোগের দ্রুত তদন্ত, তদারকি ও সমাধান নিশ্চিত করা সম্ভব হচ্ছে তাৎক্ষণিকভাবে।

জেলা পুলিশ জানিয়েছে, ‘আপনার এসপি’ চালু হওয়ার পর থেকেই মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ হয়েছে। থানায় প্রাপ্ত যে কোনো অভিযোগ বা আবেদন সরাসরি মনিটর করছেন পুলিশ সুপার। এর ফলে সেবার মান বেড়েছে এবং নাগরিকদের আস্থা আরও মজবুত হয়েছে। পাশাপাশি বন্ধ হবে থানার দালালদের দৌরাত্ম্য।

কুলাউড়া থানার ওসি)ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তথ্য চলে যাচ্ছে এসপি অফিসে। স্যার নিজেই বিষয়গুলো মনিটর করছেন এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছেন। এই সেবা চালু হওয়ার ফলে আমরা খুব অল্প সময়েই মানুষের সমস্যা জানতে ও সমাধান দিতে পারছি। জনগণও এতে খুব সন্তুষ্ট।’

কুলাউড়া থানায় সেবা নিতে আসা রহিমা বেগম বলেন, ‘আগে ছোট সমস্যার জন্যও এসপি অফিসে যেতে হতো। এখন থানাতেই জানানো যাচ্ছে, দ্রুত সমাধানও পাচ্ছি। এতে সময় ও ভোগান্তি বাঁচছে।’

মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের লক্ষ্য জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া। ‘আপনার এসপি’ প্ল্যাটফর্মের মাধ্যমে এখন মানুষ সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারছে। আমরাও তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারছি। এটা পুলিশ ও জনগণের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।”

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর