নগরীর তালতলা এলাকার সিলগালাকৃত হোটেল বিলাশে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে হোটেল বিলাশের পেছনের দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে চুরি সংঘটনের পর অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই হোটেল থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে যে আগুন লাগানোর আগে হোটেলে চুরির ঘটনা ঘটে। এতে নগদ অর্থ, বৈদ্যুতিক সরঞ্জামসহ প্রায় ৭–৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
হোটেল বিলাশের ম্যানেজার লিটন মিয়া বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে আমরা হোটেলে এসে দেখি দরজা ভাঙা এবং ভেতরে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
হোটেলের মালিক শুকুর মিয়া লস্কর বলেন, প্রশাসনের পক্ষ থেকে হোটেলটি সিলগালা করার পর থেকেই এটি বন্ধ ছিল। মঙ্গলবার ভোরে কে বা কারা পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে চুরি ও অগ্নিসংযোগ করেছে। এতে প্রায় ৭–৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, বন্ধ হোটেল থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করি এবং আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিলেট কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ডি/এপি
নিউজ ডেস্ক 








