‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক বিকাশের লক্ষ্যে সোমবার প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেয়। বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা ভবিষ্যতের সম্ভাবনাময় নেতৃত্ব। তাদের সুশিক্ষিত, আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগিতা করেন বিআরডিবি কর্মকর্তা ফয়সাল আহাম্মেদ। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পৌর বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, দিবসটি পালনের মধ্য দিয়ে মাধবপুরে কন্যাশিশুর অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও বিকাশের অনুকূল পরিবেশ তৈরিতে জনসচেতনতা আরও বাড়বে।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








