সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন দাবি করে জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীর পক্ষে ব্যাপক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে এই দাবিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে সিলেট-৪ আসনভুক্ত গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার অন্তত ১৩টি স্থানে পৃথক পৃথক মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলগুলোতে অংশগ্রহণকারীরা ‘মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’, ‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না’- এমন স্লোগানে এলাকাজুড়ে মুখরতা সৃষ্টি করেন।
পৃথক মিছিল ও সমাবেশ থেকে বক্তারা বলেন, আবদুল হাকিম চৌধুরী স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি সিলেট-৪ আসনে বিএনপির সবচেয়ে যোগ্য প্রার্থী।
তাঁরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে স্থানীয় প্রার্থী আবদুল হাকিম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হোক।
মিছিল-সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিউজ ডেস্ক 








