মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

পুলিশ লাইনে দিনে দুপুরে আড়াই লাখ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/১১/২০২৫ ০৭:৪২:৫৬ অপরাহ্ন

পুলিশ লাইনে দিনে দুপুরে আড়াই লাখ ছিনতাই


নগরীর পুলিশ লাইনের মসজিদের পাশেই দিনে দুপুরে ফ্রেশ সিমেন্ট কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তার মোটরসাইকেল থামিয়ে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ফ্রেশ সিমেন্ট কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তার সুরঞ্জিত সরকার কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) প্রস্তুতি গ্রহণ করছেন।

ভুক্তভোগী সুরঞ্জিত সরকার বলেন, নগরীর লালদীঘীরপাড় ডিলার পয়েন্ট থেকে অফিসের ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা নিয়ে বাঘবাড়িতে যাচ্ছিলাম জমা দিতে। পথিমধ্যে আমার মোটরসাইকেল থামিয়ে তিনটি মোটরসাইকেল থেকে ৬ জন হেলমেট পরিহিত ছিনতাইকারী নেমে আমাকে মারধর করে টাকার ব্যাগ নিয়ে যায়।

তিনি বলেন, গতকাল রাতে একটা সেলের ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা আমার কাছে আসে। আজ লালদীঘি পাড় আমার এক ডিলার পয়েন্ট যাই সেখানে আমার স্যার আসেন। তার সঙ্গে কথা বলে ওইখান থেকে বাঘবাড়িতে টাকা জমা দেওয়ার জন্য মোটরসাইকেল দিয়ে ওই রাস্তায় যাচ্ছিলাম। তিনটি মোটরসাইকেলের মধ্যে একটা সামনে ও দুইটা পেছনে ছিল। পুলিশ লাইন মসজিদের পাশে পৌঁছামাত্র আমাকে সিগন্যাল দিলে আমি গাড়ি থামানোর সাথে সাথে গাড়ির চাবি নিয়ে নেয়। তখন পেছনে থাকা দুই মোটরসাইকেলের চারজন নেমে দা দিয়ে আমায় কোপ দিতে চাইলে টাকার ব্যাগের মধ্যে পড়ে যায় ও ব্যাগ টানাহেঁচড়া করে নিয়ে যায় ও আমাকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দেয়। পরে একজন শিক্ষার্থী এসে আমাকে তুলে এবং সে নিজেই ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ দেখা যায় তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি মোটরসাইকেলের দুজন আমাকে লালদীঘিরপাড় থেকে ফলো করে আসছিল। রিকাবিবাজার আসার পর একটি মোটরসাইকেলে সামনে ও দুটি মোটরসাইকেল পেছনে ছিল।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে  বলেন, ভুক্তভোগীকে থানায় অভিযোগ দায়ের জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর