নারী ভোটার বৃদ্ধির হার দ্বিগুণ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:০৮ PM

নারী ভোটার বৃদ্ধির হার দ্বিগুণ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৯:১৯:১৩ AM

নারী ভোটার বৃদ্ধির হার দ্বিগুণ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নারী ভোটার বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হলেও পুরুষ ভোটারের সংখ্যা এখনো ২০ লাখের মতো বেশি। তৃতীয় ধাপের ভোটার তালিকা চূড়ান্ত করে ইসির তৈরি প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, গত মার্চ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নারী ভোটার বৃদ্ধির হার ৪ দশমিক ১৬ শতাংশ। আর পুরুষ ভোটার বৃদ্ধির হার ২ দশমিক ২০ শতাংশ। আপাতদৃষ্টিতে নারী ভোটার বৃদ্ধিই বেশি।

এদিকে মোট সংখ্যার হিসেবে পুরুষ ভোটার দাঁড়িয়েছে ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন। আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন। অর্থাৎ নারীর চেয়ে পুরুষ ভোটার এখনো ২০ লাখের মতো বেশি। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫০ দশমিক ৭৬ শতাংশ, আর নারী ভোটার ৪৯ দশমিক ২৪ শতাংশ।

জানা গেছে, নারী ভোটার কম হওয়ার পেছনে আটটি কারণ চিহ্নিত করতে পেরেছে নির্বাচন কমিশন। সেগুলো মোকাবিলার চেষ্টাও করা হচ্ছে। ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী জানিয়েছেন, বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নারী ভোটার কম হওয়ার বিষয়ে যেসব কারণ লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে নির্ধারিত ফি পরিশোধ করে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহে অনীহা, হিন্দু অবিবাহিত মেয়েদের পিত্রালয়ে নিবন্ধন করতে অনীহা, অবিবাহিত, অনগ্রসর ও নিরক্ষর মেয়েদের ভোটার হওয়ার ক্ষেত্রে আগ্রহ কম, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র দাখিল করতে ব্যর্থ হওয়া, রেজিস্ট্রেশন কেন্দ্র দূরবর্তী হওয়া, আবহাওয়া অনুকূল না থাকা, সামাজিক কুসংস্কার ও ধর্মীয় অজুহাতে ছবি তুলতে অনীহা এবং প্রত্যন্ত অঞ্চলের নারীদের অসচেতনতা অন্যতম।

এসব কারণ মোকাবিলায় বেশ কিছু উদ্যোগও নিয়েছিল কমিশন। হালনাগাদের সময় মাঠ কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় ভোটার তালিকায় নারীদের অন্তর্ভুক্তির হার যেন উল্লেখযোগ্যভাবে কম না হয় সে লক্ষ্যে হালনাগাদ কার্যক্রমের সময় সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য (বিশেষ করে সংরক্ষিত আসনের সদস্যদেরকে), দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গ্রাম পুলিশ বা চৌকিদার-দফাদারকে সম্পৃক্ত করার জন্য বলা হয়েছিল।

নারী ভোটার কম হওয়ার বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, ব্যবধান আগের চেয়ে কমে এসেছে। আশা করি সামনে আরও কমবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, দেশে নারী-পুরুষ প্রায় সমান সমান। ভোট অবশ্যই জেন্ডারবান্ধব হতে হবে। কাউকে অধিকার বঞ্চিত করার অধিকার কারো নেই। তারা যাতে সঠিকভাবে সর্বাধিক ভোট দিতে পারে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।

প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি গণমাধ্যমকে এ বিষয়ে বলেছেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলেছি। ভোটার তালিকা হালনাগাদ করে ফেলেছি। ২১ লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করে ফেলেছি, যাদের অনেকে ভোট দিয়ে যেত, মিডিয়ায় এমন নিউজ দেখেছি। ৪৩ লাখের বেশি ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে পেরেছি। নারী-পুরুষের ব্যবধান ৩০ লাখ ছিল। এখন ১৯ লাখে নেমে এসেছে। মানুষ, বিশেষ করে নারী যে ভোটার হতে আগ্রহ হারিয়ে ফেলেছিল, আমরা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি।

হালনাগাদ শেষে বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এদের মধ্যে এক হাজার ২৩৪ জন হিজড়া ভোটারও রয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর