ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়ল ইন্টার মায়ামি। এই দাপুটে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে পৌঁছেছে লিওনেল মেসির দল। আগামী শনিবার মায়ামির ঘরের মাঠ ফোর্ট লডারডেলেই অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি।
সিনসিনাটিকে ৪-০ গোলে হারানোর পর আত্মবিশ্বাসে টগবগে মায়ামি এদিন শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলে। ম্যাচের মূল নায়ক ছিলেন ২৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। ম্যাচের ১৪তম মিনিটে সার্জিও বুসকেটসের নিখুঁত পাস থেকে অফসাইড ফাঁদ ভেঙে আলেন্দে মায়ামিকে এগিয়ে দেন।
নিউ ইয়র্ক এই ধাক্কা সামলে ওঠার আগেই জর্দি আলবার বাঁ প্রান্ত থেকে বাড়ানো দুর্দান্ত ক্রস কাজে লাগিয়ে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন আলেন্দে। তবে ৩৭তম মিনিটে জাস্টিন হাক একটি গোল শোধ করলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধে নিউ ইয়র্ক ম্যাচে ফেরার জোর চেষ্টা চালায়। ৬৬তম মিনিটে সমতাসূচক গোলের দারুণ সুযোগও পেয়েছিল তারা, কিন্তু বদলি খেলোয়াড় জুলিয়ান ফার্নান্দেজের শটটি অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো। এই সেভটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ঠিক তার পরের মিনিটেই মায়ামি পাল্টা আক্রমণে যায়। রদ্রিগো দি পল ও জর্দি আলবার বোঝাপড়ায় বল পান মেসি। মেসির বাড়ানো পাস থেকে জোরালো শটে বল জালে জড়ান মাতেও সিলভেত্তি, যা স্কোরলাইন ৩-১ করে দেয়।
ম্যাচের শেষ দিকে নিউ ইয়র্কের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। ৮৩তম মিনিটে তেলাসকো সেগোভিয়া দলের চতুর্থ গোলটি করে মায়ামির জয় নিশ্চিত করেন। আর নির্ধারিত সময়ের ঠিক এক মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলেন্দে, যার ফলে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা।
ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে সান ডিয়েগো এফসি এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যে বিজয়ীর বিপক্ষে আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে মেসির ইন্টার মায়ামি।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 












