গাজায় আবারও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ AM

গাজায় আবারও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/১২/২০২৫ ০৯:৪৮:৩০ AM

গাজায় আবারও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫


যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় ফের ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিক ও এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন। মার্কিন-মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েল ট্যাংক ও ড্রোনের মাধ্যমে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।

গাজার চিকিৎসা কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে গাজা সিটির আল-তুফাহ এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে দুজন নিহত হন, যার একজন শিশু। আহত ১৫ জনকে আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জায়তুন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন ফিলিস্তিনি নিহত হন।

এরপর খান ইউনিসের কেন্দ্রীয় এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন ফটোসাংবাদিক মাহমুদ ওয়াদি। চিকিৎসকদের দাবি, যে স্থানে ওয়াদি ছবি তুলছিলেন, সেটি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন নয়। নিহত সাংবাদিকের বাবা ইসসাম বলেন, “মাহমুদ নিরাপদ এলাকায় ছবি তুলছিল… কিন্তু ইসরায়েল কোনো প্রতিশ্রুতি রক্ষা করে না।”

অন্যদিকে, গাজা সিটির আল-দারাজ স্কুলে গোলাবর্ষণে নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। স্কুলটিতে বহু বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। আল-তুফাহ এলাকায় আরও পাঁচজন আহত হওয়ার খবর জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স, যারা ইউনাইটেড নেশনস ওসা’র সহায়তায় আটকে পড়া মানুষদের উদ্ধার করছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গাজার উত্তরাঞ্চল বেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনী বহু ভবন ধ্বংস করেছে। এই এলাকা এখনও ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি গাজা সিটি, খান ইউনিস ও রাফাহও হামলার মূল টার্গেট হয়ে আছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৫৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৯০০ জনের বেশি। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ—যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও এক লাখ ৭১ হাজারেরও বেশি।

গাজা গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, সাংবাদিক মাহমুদ ওয়াদি নিহত হওয়ার পর সংঘাত শুরুর পর থেকে মোট সাংবাদিক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭ জনে। তাদের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে এবং লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর