সিলেট বিভাগে আবারও বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩৮ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া চারজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে নয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
এ ছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব বলছে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৯৪ জন, সুনামগঞ্জে ৯৯ জন, হবিগঞ্জে ১৮৭ জন এবং মৌলভীবাজারে ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর বাইরে অন্যান্য জেলা থেকে আসা ১৩ জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ডেঙ্গুতে মৃত্যুর হিসাবেও তিন জেলার নাম রয়েছে। এ পর্যন্ত সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
আজকের সিলেট/ জেকেএস









