এমপি নির্বাচিত হলে নিজের বেতনের টাকা অসহায় মানুষের মাঝে বণ্টন এবং সরকারি বাজেট স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন জমিয়ত উলামায়ে ইসলাম মনোনীত সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ সর্বক্ষেত্রের উন্নয়ন থেকে বঞ্চিত বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষ। রাজনীতিবিদরা যদি সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে সরকারি বাজেট বণ্টন করতেন তবে এই অঞ্চলের মানুষকে এমন দুর্দশায় পড়তে হতো না। আজ সরকারি সব সেক্টরেই দুর্নীতিবাজদের দৌরাত্ম্য।
শনিবার দুপুরে মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া নগাইটিল্লা এলাকায় খেজুর গাছ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন হাজী জয়নাল আবেদিন।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, মিথ্যা প্রতিশ্রুতি আর দিতে চাই না। নির্বাচিত হলে জনগণের আমানত সঠিকভাবে কাজে লাগিয়ে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করবো।
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের সার্বিক উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ফখরুল ইসলাম বলেন, উলামায়ে কেরাম আমাকে জনগণের সেবা করার লক্ষ্যে মনোনীত করেছেন। আমি নিজেকে কোনো নেতা বলতে চাই না—আমি সেবক হয়ে মাঠে কাজ করে যাচ্ছি।
এসময় তিনি খেজুর গাছ প্রতীকের পক্ষে সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুড়িয়া ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা দিলওয়ার হুসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল নুর, মাওলানা আব্দুল হামিদ খান, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান এবং যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন মোহাম্মদ আলী রিপনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম একজন মানবিক ও উলামায়ে কেরাম মনোনীত যোগ্য প্রার্থী। তাই খেজুর গাছ প্রতীকে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তারা।
জনসভা শেষে রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে মানবিক অবদানের জন্য নঘাইটিল্লা যুব সংঘের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








