ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তিন সংস্করণে ছয় দল নিয়ে নতুন ঘরোয়া ক্রিকেট কাঠামো চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পরিকল্পনা অনুযায়ী, নতুন কাঠামোর প্রথম প্রতিযোগিতা হিসেবে আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় ম্যাচ ফি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়।
ওয়ার্কিং কমিটির সুপারিশ অনুযায়ী, পুরুষদের চার দিনের ক্রিকেটে প্রতি ম্যাচের ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। লিস্ট ‘এ’ ওয়ানডেতে ক্রিকেটাররা পাবেন ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের খেলোয়াড়দের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।
নারীদের ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত কাঠামো অনুযায়ী, তিন দিনের ক্রিকেটে প্রতি ম্যাচে ৪০ হাজার, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতাও দ্বিগুণ করার অনুমোদন দিয়েছে বিসিবি। আগের ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে এই ভাতা ২০ হাজার টাকা করা হয়েছে।
ম্যাচ ফি পুনর্নির্ধারণের পাশাপাশি দেশের ঘরোয়া ক্রিকেটের সামগ্রিক কাঠামোতেও পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে বোর্ড। প্রস্তাবিত পরিকল্পনায় ফার্স্ট ক্লাস (চার দিনের), লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি—তিন সংস্করণকে একটি সমন্বিত প্রতিযোগিতা কাঠামোর আওতায় আনার কথা বলা হয়েছে। এতে অংশ নেবে ছয়টি দল।
নতুন ব্যবস্থায় বাংলাদেশের প্রতিষ্ঠিত ও সুনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দলগুলোর মালিকানাস্বত্ব প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, নতুন কাঠামোর প্রথম ধাপে ২০২৬ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








