বিমান বাংলাদেশের ফ্লাইটে ফিরছেন তারেক রহমান, সফরসঙ্গী ৫ জন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:২২ AM

বিমান বাংলাদেশের ফ্লাইটে ফিরছেন তারেক রহমান, সফরসঙ্গী ৫ জন

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১১:২৭:০২ AM

বিমান বাংলাদেশের ফ্লাইটে ফিরছেন তারেক রহমান, সফরসঙ্গী ৫ জন


আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে পরিবারের সদস্য ও সফরসঙ্গীদের নিয়ে ঢাকায় আসবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, ওই দিন বেলা ১১টা ৫৫ মিনিটে তারেক রহমানের বহনকারী উড়োজাহাজটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

সূত্র অনুযায়ী, তারেক রহমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২০ নম্বর ফ্লাইটে ওয়ান-ওয়ে টিকিট সংগ্রহ করেছেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজটি ঢাকায় পৌঁছানোর আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি করবে।

জানা গেছে, ফ্লাইটটির বিজনেস ক্লাসে তারেক রহমানসহ মোট ছয়জনের টিকিট বুকিং রয়েছে। তাদের মধ্যে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, বিএনপির হেড অব প্রেস সালেহ শিবলী, ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।

বর্তমানে ডা. জুবাইদা রহমান ঢাকায় অবস্থান করছেন। তবে তিনি ২০ ডিসেম্বর লন্ডনে ফিরে ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর