দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। তাকে বহনকারী বিমানের ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে। বাংলাদেশ বিমানের বিজি ২০২ এই ফ্লাইটটি সিলেট থেকে সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে ঢাকায় পৌঁছবে।
এদিকে, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ওসমানী বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
এদিকে বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না সেনাবাহিনীর সদস্যরা। সকালে বিমানবন্দর এলাকায় অবস্থান নেওয়া সাংবাদিকদেরও বিমানবনস্দর চত্বর থেকে বের করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় আধা কিলোমিটার দূরের মূল সড়কেই আটকে দেওয়া হচ্ছে সবাইকে। নিরাপত্তার স্বর্থে সড়ক থেকে লাইভ সম্প্রচারেও আপত্তি জানানো হচ্ছে।
জানা গেছে, বিজি ২০২ ফ্লাইটটি ১৯২ জন যাত্রী নিয়েলেন্ডন থেকে সিলেটে এসেছে। এরমধ্যে ১০৭ জন যাত্রী সিলেটে নামছেন৷ এর পর তারেক রহমানসহ বাকিদের নিয়ে ঢাকায় যাবে এই উড়োজাহাজ। বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
এরআগে বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দেশের উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








