সিলেটে রাগ করে মাঠ ছাড়লেন সুজন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৭ AM

সিলেটে রাগ করে মাঠ ছাড়লেন সুজন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ০৩:৩৪:২৮ PM

সিলেটে রাগ করে মাঠ ছাড়লেন সুজন


এবারের বিপিএলে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজিটির কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। 

জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসে নোয়াখালী এক্সপ্রেস। স্টেডিয়ামের আউটার মাঠে ক্রিকেটাররা অনুশীলনের জন্য নেমেছিলেন। তবে হঠাৎ করে রেগে যান দলের কোচ সুজন। এক পর্যায়ে স্টেডিয়াম ছেড়ে হাঁটা দেন তিনি।

এ সময় কোথায় যাচ্ছেন তিনি—এমন প্রশ্নে ক্ষুব্ধ সুজন বলেন,  ‘আমি কোনোভাবেই বিপিএল করবো না।’ এমনকি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে থাকতে চান না বলেও জানান সুজন।

সুজন রেগে মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময় নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। নোয়াখালীর সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে যান সুজন।

নোয়াখালীর দলীয় সূত্রে জানা গেছে, সুজনের সঙ্গে বল নিয়ে দুর্ব্যবহার করেছেন এক কর্মকর্তা,  'একজন কর্মকর্তা সুজনের সঙ্গে একটু দুর্ব্যবহারের মত করেছেন। সেজন্য উনি রাগ করেছেন, যেহেতু উনার দেশের ক্রিকেটে একটা অবস্থান আছে। মূলত অনুশীলনে পর্যাপ্ত বল আমরা পাচ্ছি না। এই নিয়ে ঝামেলা।'

জানা গেছে, অনুশীলন করার জন্য মাত্র তিনটি বল দেওয়া হয়েছিলো। যা নিয়ে সর্বোচ্চ পর্যায়ের অনুশীলন চালানো অসম্ভব।

বিপিএল শুরুর আগের দিনই আসছে একের পর এক নেতিবাচক খবর। এর আগে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির দল পরিচালনার অপারগতার খবর আসে। দলটি এখন পরিচালনা করবে খোদ বিসিবি। শুক্রবার সন্ধ্যায় মুখোমুখো হওয়ার কথা চট্টগ্রাম ও নোয়াখালীর।

আজকেরসিলেট/ইকিএএসআর

সিলেটজুড়ে


মহানগর