যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে পাইলট নিহত
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ AM

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/১২/২০২৫ ১১:৫৬:৫৭ AM

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে পাইলট নিহত


যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে আকাশে উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজন পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন পাইলট গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার স্থানীয় সময় বেলা ১১টা ২৫ মিনিটে নিউ জার্সির হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় দুর্ঘটনাটি ঘটে।  সংঘর্ষের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার দ্রুত ঘূর্ণায়মান অবস্থায় মাটিতে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ–২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে একজন করে পাইলট ছিলেন। সংঘর্ষের ফলে একজন পাইলট ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় ১৫ হাজার জনসংখ্যার শহর হামোন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত। এটি ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত এবং কৃষিভিত্তিক ঐতিহ্যের জন্য পরিচিত। শহরটির পাশেই বিস্তৃত বনাঞ্চল ‘পাইনের ব্যারেন্স’ অবস্থিত।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে হেলিকপ্টার দুর্ঘটনার হার কমেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর