বছরের শুরুতেই আসছে নতুন মেগা ধারাবাহিক ‘পরম্পরা’। এটি নির্মিত হয় পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে।
আজ থেকে প্রতি শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে ধারাবাহিকটি দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। পরম্পরা মূলত তিন প্রজন্মের জীবনবোধ, মূল্যবোধ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত একটি পারিবারিক আখ্যান।
গল্পে উঠে আসবে- ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে নিজেকে নতুন সামাজিক ও পারিবারিক পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়। তার আধুনিক জীবনধারা ও চিন্তাভাবনার সঙ্গে যৌথ পরিবারের সদস্যদের ঐতিহ্যগত দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব শুরু হয়।
একই ছাদের নিচে তিন প্রজন্মের ভালোবাসা, সংঘাত, মানিয়ে নেওয়ার চেষ্টা এবং সম্পর্কের গভীরতা ধীরে ধীরে গল্পকে নিয়ে যায় নানা আবেগী মোড়ে। ব্যক্তিগত স্বপ্ন ও ভালোবাসার দ্বন্দ্বের মাঝেই সবাই উপলব্ধি করে সময়ের সঙ্গে সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন চিরস্থায়ী। এই উপলব্ধির মধ্য দিয়েই এগিয়ে যায় তিন প্রজন্মের পরম্পরার আখ্যান।
পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি। সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








