শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ PM

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০১:১২:৩০ PM

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন সঞ্জনা পাণ্ডে


ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং চলছিল আগুনের দৃশ্য নিয়ে। হঠাৎ বাতাস বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই আগুন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে। তবে সেটে থাকা কলাকুশলীদের দ্রুত তৎপরতায় অক্ষত অবস্থায় রক্ষা পান তিনি।

ভারতের উত্তরপ্রদেশের একটি স্থানে সিনেমাটির দৃশ্যধারণের সময় এ দুর্ঘটনা ঘটে। চিত্রনাট্যের প্রয়োজনেই আগুন ব্যবহার করে একটি দৃশ্যের শুটিং হচ্ছিল। ওই দৃশ্যে আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা পাণ্ডে।

শুটিংয়ের একপর্যায়ে বাতাসের গতি বেড়ে গেলে আগুন আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। দ্রুত তা ছড়িয়ে পড়ে অভিনেত্রীর পোশাকে। এ ঘটনায় সেটে উপস্থিতদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরিস্থিতি বুঝতে পেরে শুটিং ইউনিটের কর্মীরা সঙ্গে সঙ্গে সঞ্জনার দিকে ছুটে যান। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে এনে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।

ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেন সঞ্জনা। তিনি জানান, সিনেমার গল্প ও চরিত্র যথাযথভাবে তুলে ধরতে পুরো দল অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছে। মুক্তির পর দর্শকেরা সিনেমাটির গল্পের উপস্থাপন ও অভিনয় উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি চলচ্চিত্র। এতে সঞ্জনা পাণ্ডের পাশাপাশি অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর