বাঁহাতি স্পিনের জাদুতে নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটারদের নাচিয়েছেন নাসুম আহমেদ। ক্যারিয়ার সেরা বোলিং করে সিলেট টাইটান্সকে জিতিয়ে তিনি পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। অভিজ্ঞ এই স্পিনারের আশা, নতুন শেখা ডেলিভারি বিশ্বকাপেও তার কাজে লাগবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুরের ম্যাচে নোয়াখালীকে মাত্র ৬১ রানে অল আউট করেছে সিলেট। এর মূল কারিগর নাসুম। ৪ ওভারে ২০টি ডট বলসহ মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট নিয়েছেন ৩১ বছর বয়সী স্পিনার।
বিপিএল ইতিহাসে স্পিনারদের মধ্যে এটিই সেরা বোলিং ফিগার। তার চার ওভারে একদমই সুবিধা করতে পারেনি নোয়াখালীর ব্যাটাররা। দলকে জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করে তাই নিজের আনন্দ লুকাননি নাসুম।
“এর আগে আমার ৯ রানে (আসলে ১০ রানে) ৪ উইকেট ছিল। টি-টোয়েন্টিতে এটাই আমার প্রথম পাঁচ উইকেট। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি।”
এসময় নতুন ডেলিভারি শেখার কথাও জানান নাসুম।
“আমার একটা নতুন ডেলিভারি... আমি ইনসুইং বলটা করার চেষ্টা করছি, অনেক প্র্যাকটিস করছি। ঐটা এখন এপ্লাই করতেছি। ঐটা খুবই ভালোভাবে হচ্ছে। খুব ভালো লাগছে যে, একটা নতুন জিনিস শিখতে পেরেছি।”
আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সংস্করণ। নাসুমের আশা, বিপিএলের এই উজ্জ্বল পারফরম্যান্স বিশ্বকাপেও তাকে এগিয়ে রাখবে।
“আলহামদুলিল্লাহ, এই পারফরম্যান্সটা আমার বিশ্বকাপের জন্য খুব ভালো হবে। বিপিএলে সামনে আরও চারটা ম্যাচ আছে। এইটা আমার জন্য খুব হেল্পফুল হবে আরকি।”
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








