ট্রাম্পের হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ AM

ট্রাম্পের হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫/০১/২০২৬ ১০:২৬:৫৮ AM

ট্রাম্পের হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ


যুক্তরাষ্ট্রের কড়া সতর্কবার্তা আমলে নিয়ে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার ইরানের কর্মকর্তারা গ্রেপ্তার বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেন। তবে ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকরণ বন্ধ করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গতকাল বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেপ্তার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত করা হয়েছে। আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্যের নিশ্চয়তা পেয়েছি।”

এর আগে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প। ওই বার্তায় তিনি বলেন, “ইরানে বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। যতদিন না এই নির্বোধ হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে, ততদিন আমি ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠক করব না। (ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন— মেইক ইরান গ্রেট এগেইন।”

একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে বিক্ষোভ শুরুর পর থেকে ঠিক কতজন নিহত হয়েছেন— সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান এখনও পায়নি মার্কিন প্রশাসন। তবে নিহতের সংখ্যা যে অনেক বেশি, সে বিষয়ে যুক্তরাষ্ট্র অবগত।

উল্লেখ্য, গত দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের মাত্রা আরও তীব্র হয়ে উঠছে। এই আন্দোলনের সূত্রপাত দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে।

দীর্ঘদিন ধরে অবমূল্যায়নের ফলে ইরানের মুদ্রা ইরানি রিয়েল বর্তমানে বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে। বর্তমানে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়েলের বিনিময়মূল্য দাঁড়িয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৫৫ রিয়েল।

জাতীয় মুদ্রার এই বিপর্যয়ের কারণে দেশটিতে দীর্ঘদিন ধরেই ভয়াবহ মূল্যস্ফীতি চলছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসাসহ মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

এই পরিস্থিতিতে গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন। সেই ধর্মঘট থেকেই আন্দোলনের সূচনা হয়।

পরবর্তীতে মাত্র কয়েক দিনের মধ্যেই ইরানের ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বর্তমানে বিক্ষোভকারীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে পুরো দেশ।

বিক্ষোভ দমনে ইরান সরকার ইতোমধ্যে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর