তাহিরপুরে শুঁটকির চালান চুরির ঘটনায় মামলা, গ্রেফতার ১
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১১ PM

তাহিরপুরে শুঁটকির চালান চুরির ঘটনায় মামলা, গ্রেফতার ১

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৬ ০৪:০০:১০ PM

তাহিরপুরে শুঁটকির চালান চুরির ঘটনায় মামলা, গ্রেফতার ১


সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় তিন লাখ টাকার শুঁটকির চালান চুরির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। ওই মামলায় পুলিশ মামুন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার মামুন উপজেলার পৈলনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও পেশাদার চোরচক্রের সদস্য।

গ্রেফতারকৃতকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) রাতে মামলা দায়েরের পর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে।

মামলার সূত্রে জানা গেছে, উপজেলার বাদাঘাট বাজারের শুঁটকি কারবারি ইসমাইল ২০২৪ সালের আগস্ট মাসে নীলফামারীর সৈয়দপুর থেকে ৬০টি মাটির মটকাভর্তি শুঁটকি (সিদল) নিয়ে এসে নিজ বসতবাড়ি পৈলনপুরে উঠোনের ফাঁকা স্থানে সংরক্ষণ করে বিক্রয় করতে থাকেন। এরপর একদল সংঘবদ্ধ চোর বুধবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত বসতবাড়ির ফাঁকা উঠোন থেকে ধাপে ধাপে তিন লাখ টাকা মূল্যের শুঁটকিভর্তি ২০টি মাটির মটকা চুরি করে জেলা শহর সুনামগঞ্জসহ বিভিন্ন হাটে শুঁটকি কারবারিদের কাছে কম মূল্যে বিক্রি করে দেয়।

ভুক্তভোগী ওই কারবারি অজ্ঞাতনামা কয়েকজনের চোরের বিরুদ্ধে বুধবার রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।

থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা সুনামগঞ্জ জেলা শহরের এক শুঁটকি কারবারির হেফাজত থেকে বুধবার রাতেই চুরি যাওয়া ৩টি মাটির মটকাভর্তি শুঁটকি জব্দ করেন। এরপর ওই কারবারির দেওয়া তথ্যের ভিত্তিতে শুঁটকি চুরির সঙ্গে জড়িত মামুনকে গ্রেফতার করে পুলিশ।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুল ইসলাম বলেন, শুঁটকির চালান চুরিতে জড়িত অন্যদের গ্রেফতার ও কারবারির চুরি যাওয়া আরও ১৭টি মাটির মটকাভর্তি শুঁটকি দ্রুত উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর