সিলেটের গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তাঁরা। শুক্রবার বাদ জুমা গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গণে ‘সচেতন ছাত্র ও যুব সমাজ, গোয়াইনঘাট উপজেলা’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন। সঞ্চালনায় ছিলেন ছাত্রনেতা গোলাম হোসেন আজম।
মানববন্ধনে বক্তব্য দেন গোয়াইনঘাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুল, ইত্তেহাদুল উম্মাহ একাডেমির পরিচালক সুলতান মাহমুদ, তোফায়েল আহমদ উসমানী, আব্দুর রাহমান, মাহদি হাসান মাহফুজ ও দেলওয়ার হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি টহল বাড়ানো এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন শেষে বাস্তবায়ন কমিটির নেতারা গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের কাছে পাঁচ দফা দাবিসংবলিত একটি লিফলেট দেন। এ সময় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তায় প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








