সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনপূর্বক পরিবহন কালে ট্রাক্টরের চাপায় শিশু তাজুল ইসলাম (৫) নিহত হয়েছে। নিহত তাজুল ইসলাম নছরনগর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
সোমবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের নছরনগর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলেও খোলা মাঠে খেলা করছিলেন শিশু তাজুল ইসলাম। এসময় মৃত আসরব আলী’র ছেলে ইউনুস আলী’র জমি থেকে তারই নিজের বসত-ভিটা ভরাটের জন্য মাটি পরিবহন করছিলেন মন্তাজনগর গ্রামের মৃত মমশর আলী’র ছেলে আমিন (৪৫) এর মালিকানাধীন সোনালী ট্রাক্টর। এসময় গাড়ির চালক শিশুটির উপরে ট্রাক্টর তুলে দিলে শিশুটির দেহ থেঁতলে মগজ বের হয়ে যায়।
স্থানীয়রা জানায়, মাটি পরিবহনকালে ট্রাক চালক মোবাইল ব্যবহার করছিলেন। এসময় চালক শিশুটির উপরে গাড়ি তুলে দেয়। শিশুটির মাথার উপর দিয়ে ট্রাকের চাকা অতিক্রম করায় ঘটনাস্থলেই শিশুটি মৃত্যুবরণ করে। ঘটনার সাথে সাথে ট্রাক চালক দৌড়ে পালি যায়। পরে স্থানীয়রা তিনটি ট্রাক্টর ও একটি মাটি কাটার ফেলুটার আটক করে।
এদিকে ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানায়, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দোয়ারাবাজার উপজেলায় দিনরাতে ব্যপরোয়া ভাবে ফসলি জমির টপসয়েল কেটে মাটি বিক্রি ও খনন করে বালু বিক্রির মহোৎসব চলছে। এতে চলাচলের সড়ক নষ্ট হওয়ার পাশাপাশি ছোট বড় পরিবহন চলাচলে আতষ্ক বিরাজ করছে। বিভিন্ন সময় দূর্ঘটনা ও ঘটছে। এতে একাধিক মানুষজন এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানালেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








