মোহাম্মদ নুরুল ইসলাম: আজ ২১ জানুয়ারি সাহিত্য সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ নবীগঞ্জ উপজেলার প্রথম পত্রিকা ‘মাসিক গোপলা’র সম্পাদক, সিলেট অঞ্চলের পাঠকপ্রিয় নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকম’র সহকারী সম্পাদক কবি মিজান মোহাম্মদ’র জন্মদিন। তিনি এইদিনে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে এস এম আলী আকবর ও রহিমা বেগমের ঘর আলো করে জন্মগ্রহণ করেন। মানুষমন্ত্র’র কবি মিজান মোহাম্মদ একাধারে লেখক, সাংবাদিক, সংগঠক, রক্তদাতা ও সমাজকর্মী।
ছাত্রজীবন:
মিজান মোহাম্মদের শিক্ষাজীবনের শুরু গোপলার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। সেখানে প্রাথমিক পর্ব শেষ করে ষষ্ঠ শ্রেণীতে গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এই বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ না থাকায় স্কুল বদল করে নবম শ্রেণীতে আউশকান্দি রাশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ভর্তি হন। সেখান থেকে এস. এস.সি পাশের পর সিলেটের এতিহ্যবাহী মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এস সি, হিসাব বিজ্ঞানে স্নাতক (B.B.S) ও স্নাতকোত্তর (M.B.S) ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি তিনি ২০১৪ সালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট থেকে ব্যাংকিং ও ফাইনান্সে এম বি এ (M.B.A) ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি উচ্চতর প্রফেশনাল ডিগ্রী অর্জনের জন্য I CMAB Level-3 তে অধ্যায়নরত। এছাড়া তিনি সিলেট ল’ কলেজ থেকে এল এল বি (L.L.B) পাশ করে শিক্ষাণবীশ আইনজীবী হিসেবেও অনুশীলন করেন।
সাহিত্যকর্ম:
মিজান মোহাম্মদের প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৭ খ্রিষ্টাব্দে হবিগঞ্জের ‘সাপ্তাহিক খোয়াই’ পত্রিকায়। এরপর তার লেখা ক্রমান্বয়ে প্রকাশিত হয় দেশের সকল প্রথম সারির পত্রিকায়। তার সম্পাদনায় ইতোমধ্যে দুর্লভ (ডিসেম্বর-৯৯), ভালোবাসার দিন (ফেব্রুয়ারি -২০০০), দুর্লভ (এপ্রিল-২০০১), হৃদয়ের সাথী ( জুলাই-২০০২), চমক (জানুয়ারি -০৩), মাসিক দবক (জানুয়ারি -০৩), বিলাসী (অক্টোবর-০৩), ছোট কাগজ বিবিধ, ঈদ বোনাস (মে-২০০৪), শিকারি (জুলাই-০৬), বিবিধ (জুলাই-০৭), সুহৃদকন্ঠ (ফেব্রুয়ারি -২০১০), স্পর্শবাঁক (নভেম্বর-২০১৭), মাসিক গোপলা সহ প্রায় শতাধিক সাহিত্য সাময়িকী ও পত্রিকা আলোর মুখ দেখেছে।
তার প্রথম যৌথকাব্য গ্রন্থ ‘তোমার হৃদয়ে যা দেখেছি’ যা প্রকাশ ১৯৯৮ সালে ও একক কাব্যগ্রন্থ ‘মানুষমন্ত্র’ প্রকাশিত হয় ২০১৯ সালে।
সাংবাদিকতা:
সাহিত্যচর্চার পাশাপাশি মিজান মোহাম্মদের সাংবাদিকতায় হাতেখড়ি স্থানীয় দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসে ২০০১ খ্রিষ্টাব্দে নবীগঞ্জ প্রতিনিধি হিসেবে। তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতার করার পাশাপাশি নিজ উপজেলা নবীগঞ্জ থেকে প্রকাশিত প্রথম পত্রিকা থেকে ‘মাসিক গোপলা’ ২০০৩ খ্রিষ্টাব্দ থেকে সম্পাদনা করে আসছেন। পত্রিকাটি এখন পর্যন্ত প্রায় নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।
প্রিন্ট পত্রিকার পাশাপাশি মিজান মোহাম্মদের অনলাইন নিউজ পোর্টাল হাতেখড়ি হয় বাসিয়া২৪ ডটকম দিয়ে ২০১৪ খ্রিষ্টাব্দের জুন থেকে নিজস্ব প্রতিবেদক হিসেবে। বর্তমানে তিনি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট’র সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রিন্ট পত্রিকা আমাদের সিলেট এ সিনিয়র প্রতিবেদক হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি সিলেট প্রতিদিন, বাংলা নিউজ টুয়েন্টিফোর এনওয়াই, সিলেট দর্পণ, রানিং সিলেট ও সিলেট আইনিউজসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এছাড়া সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মিজান মোহাম্মদ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবেরও।
রক্তদান:
সারা সিলেট জুড়ে মিজান মোহাম্মদকে ডাকা হয় মানবিক সাংবাদিক বলে। তার সামাজিক কর্মকান্ডের কারণে তিনি দেশজুড়ে পরিচিত। অকাতরে রক্ত দিয়ে মৃত্যু পদযাত্রীদের পাশে বার বার দাঁড়িয়ে জয় করে নিয়েছেন হাজারো মানুষের হৃদয়। এর স্বীকৃতি স্বরূপ ইতিমধ্যে তিনি পেয়েছেন নবীগঞ্জ উপজেলার সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা, পেয়েছেন হবিগঞ্জ জেলার সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা, পেয়েছেন জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কর্তৃক বিশেষ সম্মাননা, মানস সম্মাননা, পেয়েছেন রেডক্রিসেন্ট মুজিব জাহান সোসাইটি কর্তৃক সম্মাননা। উল্লেখ্য যে, তিনি ইতিমধ্যে নিজে ৩৪ বার রক্তদান করেছেন। এছাড়াও কয়েকশত ব্যাগ রক্ত সংগ্রহ করে মুমূর্ষু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
সংগঠক:
লেখাপড়ার জন্য সিলেট আসার আগে নবীগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সাহিত্য সংগঠনগুলোর মধ্যে জাগরণ সৃষ্টি করতে শুরু করেন নিয়মিত কবিতা পাঠের আসর। প্রতি মাসের প্রথম শুক্রবার সাহিত্য আসর করে নিয়মিত ভাবে ‘দবক’ নামের সাময়িকী প্রকাশের শুরু ২০০৩ সালের জানুয়ারি মাসে। যা দীর্ঘদিন চালু ছিল। তার অনুপ্রেরণায় অনেক তরুণ ও যুবক খেলাধুলার পাশাপাশি সাহিত্য চর্চা ও সাংবাদিকতায় নিয়োজিত হয়। পাশাপাশি তিনি সাড়া জাগানো সামাজিক সংগঠন রিলেশন গ্রুপের প্রতিষ্টাতা সভাপতি, ‘দূর্লভ সাহিত্য পরিষদ’ নবীগঞ্জের বর্তমান সভাপতি ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক, জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক এবং মাদক ও ধূমপান প্রতিরোধ পরিষদ- সিলেটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সিলেটের বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
মিজান মোহাম্মদ একজন অভিনেতাও বটে। তার অভিনীত সিলেটের আঞ্চলিক ভাষার নাটক ‘শিকারী’ -২০০২, ‘অপরাজিত ভালোবাসা’-২০০৩ ব্যাপক দর্শক নন্দিত হয়েছে।
মিজান মোহাম্মদ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড দিয়ে কর্মজীবন শুরু করলেও দুই বছর পর যোগ দেন মাল্টিন্যাশনাল কোম্পানি ধাবি গ্রুপের টেলিকম কোম্পানি এয়ারটেলে, এরপর ফ্লোরা টেলিকম লিমিটেড, দেশসেরা গ্রুপ অফ কোম্পানি পারটেক্স স্টার গ্রুপে। বর্তমানে তিনি একটি টেলিকম কোম্পানিতে থিতু হয়েছেন।
সদালাপি ও সুন্দর মনের মানুষ মিজান মোহাম্মদ এর জন্মদিনে রইলো অজস্র অভিনন্দন ও শুভ কামনা। তার আগামীর পথ আরো মসৃণ এবং সুখের হোক এই কামনা করি।
আজকের সিলেট/মিমো
. 








