ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় মঞ্চে উঠেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই মাঠটি বিএনপির রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিভিন্ন সময়ে এই মাঠ থেকেই জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। এবার সেই একই মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি মঞ্চে উপস্থিত হলে মাঠজুড়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এর মধ্য দিয়ে পুণ্যভূমি সিলেট থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলো। জনসভাস্থলে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা আগে থেকেই উপস্থিত ছিলেন। দলীয় নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের পর তিনি সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন।
গতকাল রাতে সিলেটে পা রাখেন তারেক রহমান। সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে গেলেন তারেক রহমান।
রাতে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে বেশখানিকটা সময় অবস্থান করে হোটেলে ফিরে রাত যাপন করেন। সেখান থেকে আজ দলীয় নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন তিনি।
আজকের সিলেট/এএসআর
নিজস্ব প্রতিবেদক 








