১৫ বছরে এখানে মেডিকেল কলেজও হয়নি: তারেক রহমান
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ PM

১৫ বছরে এখানে মেডিকেল কলেজও হয়নি: তারেক রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২/০১/২০২৬ ০৫:২২:২৩ PM

১৫ বছরে এখানে মেডিকেল কলেজও হয়নি: তারেক রহমান


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছরে মৌলভীবাজার এলাকায় একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হয়নি, যা এ অঞ্চলের প্রতি ক্ষমতাসীনদের চরম অবহেলার প্রমাণ। তিনি বলেন, মানুষের মৌলিক চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও সরকার ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল।

তারেক রহমান বলেন, “২০০৮ সালের পর ক্ষমতায় এসে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একই সঙ্গে উন্নয়ন থেকেও বঞ্চিত করেছে বহু অঞ্চল। গত ১৫ বছরে এই এলাকায় একটি মেডিকেল কলেজ হয়নি এটি শুধু অবহেলা নয়, এটি মানুষের জীবনের সঙ্গে প্রতারণা।”

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য আজও মৌলভীবাজারের মানুষকে সিলেট কিংবা ঢাকামুখী হতে হয়। এতে সময়, অর্থ ও জীবন ঝুঁকির মধ্যে পড়ছে সাধারণ মানুষ। অথচ দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও সরকার এই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করতে পারেনি।

তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রতিটি জেলার মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করা হবে এবং অবহেলিত এলাকাগুলোতে অগ্রাধিকারভিত্তিতে মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং তারেক রহমানের বক্তব্যে সমর্থন জানান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর