হবিগঞ্জ-৪ আসনে তাহেরীর নির্বাচনী প্রচারণায় বাধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫১ AM

হবিগঞ্জ-৪ আসনে তাহেরীর নির্বাচনী প্রচারণায় বাধা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৬ ০৮:২৯:১১ PM

হবিগঞ্জ-৪ আসনে তাহেরীর নির্বাচনী প্রচারণায় বাধা


হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত এমপি পদপ্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

রোববার বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দেওলগাঁও গ্রামে প্রচারণায় যান মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। তার গাড়িবহর গ্রামে পৌঁছানোর পর সাটিয়াজুড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী প্রচারণা বন্ধের দাবি জানান এবং মোমবাতি প্রতীকের স্লোগান দিতে থাকেন।

এ সময় বিএনপির নেতাকর্মীদের হাতে হবিগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সলের লিফলেট দেখা যায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রচারণা না করেই ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।

ঘটনাস্থল ত্যাগের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন আসে, নির্বাচন যায়। রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু কাউকে নির্বাচনী প্রচারণা করতে না দেওয়া সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির নেতাকর্মীরা শুধু প্রচারণা বানচালই করেননি, বরং তার গাড়িবহরও কিছুক্ষণ আটকে রাখেন। তিনি বলেন, “এলাকার একটা সম্মান আছে, সেই সম্মান আপনারা ধরে রাখবেন। প্রচারণায় বাধা দেওয়া মারাত্মক অপরাধ।”

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন, “নির্বাচনের সময় অনেক কিছুই ঘটে। এটি একটি ভুল বোঝাবুঝি।”

অন্যদিকে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের কেউ আনুষ্ঠানিকভাবে অবগত করেনি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।”

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর