হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৯। এ ঘটনায় মো. কাদের মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
এসআরবি-৯ জানায়, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাধবপুর পৌরসভার প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে অবস্থান করছিল এসআরবি-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। তখন গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সিলেট থেকে একটি পিকআপে মাদক নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে যাওয়া হচ্ছে।
এরপর রাত পৌনে ৯টার দিকে মাধবপুর পৌরসভা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি টাওয়ারের বিপরীতে চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে নেভি ব্লু ও হলুদ রঙের একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এসআরবি-৯। তার দেওয়া তথ্য অনুযায়ী পিকআপটির ইঞ্জিনের ওপর তল্লাশি চালিয়ে জিআই তার দিয়ে বিশেষ কৌশলে বাঁধা কালো পলিথিন উদ্ধার করা হয়।
ওই পলিথিনের ভেতরে ছিল ৩৯টি কালো রঙের বায়ুরোধক পলি জিপার। এসব জিপার খুলে মোট ৭ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতার মো. কাদের মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশরিয়া বাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে। এসআরবি-৯-এর দাবি, জিজ্ঞাসাবাদে তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার কাদের মিয়া ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








