এক মাসেও যোগদান হয়নি মধ্যনগরের নতুন ইউএনওর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ PM

এক মাসেও যোগদান হয়নি মধ্যনগরের নতুন ইউএনওর

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০২:৪৮:১৭ PM

এক মাসেও যোগদান হয়নি মধ্যনগরের নতুন ইউএনওর


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদায়নের এক মাস পেরিয়ে গেলেও দায়িত্ব নেননি মিজ শিল্পী রাণী মোদক। ফলে এখনো ভারপ্রাপ্ত ইউএনও দিয়েই চলছে উপজেলার প্রশাসনিক কার্যক্রম। বর্তমানে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধ্যনগরের ইউএনওর দায়িত্ব পালন করছেন।

গত ২ সেপ্টেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জামালগঞ্জের ইউএনও মিজ শিল্পী রাণী মোদককে মধ্যনগরের নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা ওই আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হলেও ২ অক্টোবর পর্যন্ত তিনি মধ্যনগরে যোগ দেননি।

মধ্যনগর উপজেলা প্রশাসনে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনের ধারাবাহিকতা শুরু হয় গত ১৫ মার্চ সাবেক ইউএনও উজ্জ্বল রায়ের বদলির পর। এরপর ধর্মপাশার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষকে মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব দেওয়া হয়। তিনি বদলি হওয়ার পর একই দায়িত্ব পান ধর্মপাশার ইউএনও জনি রায়।

নতুন ইউএনও পদায়নের খবর প্রকাশের পর স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও তার যোগদান না হওয়ায় প্রশাসনিক কার্যক্রম নিয়ে ফের প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, হাওরবেষ্টিত এই উপজেলায় দূর-দূরান্ত থেকে সরকারি সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পূর্ণাঙ্গ ইউএনওর দায়িত্ব গ্রহণ প্রয়োজন।

মধ্যনগর সদর ইউনিয়নের গলইখালী গ্রামের বাসিন্দা অসীম সরকার বলেন, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রম চলছে। নতুন ইউএনও পদায়ন হওয়ায় তারা আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু এখনো তিনি যোগদান না করায় আগের পরিস্থিতিই বহাল রয়েছে। দ্রুত নতুন ইউএনওকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।

স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বলেন, মধ্যনগর ও ধর্মপাশা দুই উপজেলার দায়িত্ব একজন ইউএনওকে পালন করায় প্রশাসনিক কাজের চাপ বেড়েছে। বিশেষ করে হাওরাঞ্চলের দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে একজন কর্মকর্তার পক্ষে দুই উপজেলার নিয়মিত দাপ্তরিক কাজ, সভা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা কঠিন হয়ে পড়ছে।

এ পরিস্থিতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাওশর পর ২ সেপ্টেম্বর মধ্যনগরে নতুন ইউএনও পদায়নের আদেশ জারি করা হয়।

তবে নতুন ইউএনও মিজ শিল্পী রাণী মোদকের যোগদান শেষ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, রিলিজ লেটার পাওয়ার পর মধ্যনগরে যোগদান করবেন।

২ অক্টোবর পর্যন্ত যোগদান না করার কারণ জানতে চাইলে মিজ শিল্পী রাণী মোদক জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশে তার যোগদান আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী তার যোগদান কার্যকর করা হবে।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান কালবেলাকে জানান, মধ্যনগরে ইউএনও পদায়নের আদেশটি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আপাতত স্থগিত রাখা হয়েছে বলে তারা জেনেছেন। নতুন কর্মকর্তা প্রাপ্তি সাপেক্ষে মধ্যনগরে ইউএনও পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর