সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দোয়ারাবাজার আর্মি ক্যাম্প। তীব্র শীতের প্রভাবে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১১০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার আর্মি ক্যাম্প প্রাঙ্গণে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় দোয়ারাবাজার আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








