শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট, শেষ দুর্গাপূজার বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০২:০৭:১৯ অপরাহ্ন

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট, শেষ দুর্গাপূজার বিশেষ ছাড়


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটসহ সারাদেশে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। ফলে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে।

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখতে চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময় পরিবর্তন করেছে সরকার। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ। সেই সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের নিয়ম কার্যকর হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম আবার চালু হবে।

চলতি ২০২৬ সালে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর জুনে বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সময় আরও এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়। তখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশনা ছিল। দুর্গাপূজা উপলক্ষে দেওয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এবার সেই সময়সূচিই আবার কার্যকর হলো।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর