সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানা এলাকার একটি রাবার বাগান থেকে পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে শাহপরাণ (রহ.) থানার খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলইপাড়ার একটি রাবার বাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, বাগানের ভেতরে তল্লাশির সময় ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বাটবিহীন পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। এ ছাড়া উদ্ধার করা হয় দুটি এয়ারগান, যার একটির বাট ছিল না।
অভিযানের সময় উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে উদ্ধার করা অস্ত্রগুলো শাহপরাণ (রহ.) থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে এসআরবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









