দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করা এবং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জ উপজেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়নের ২৫ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে সংশ্লিষ্ট নেতারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেন এবং ভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে এলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি ১নং ইউনিয়ন থেকে সহ-সাধারণ সম্পাদক মো. সুয়েব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল হক, যুব বিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া, সদস্য স্মৃতি ভূষন চৌধুরী, সদস্য সজল দাশ, মানিক দাশ, মো. জাকির মিয়া, ৩নং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোশাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শহিদ, সদস্য জিল্লুর রহমান এবং সদস্য মুহিবুর রহমান, ৪নং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া, সদস্য আব্দুল মমিন, মো. আনহার মিয়া।
এছাড়াও ৫নং ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুজ্জামান রুহেল, সদস্য নুর উদ্দিন, সদস্য শামছুদ্দিন এবং ছাত্রদল ৫নং ইউনিয়নের সহ-সভাপতি এমদাদুল হক মিলন, ৭নং ইউনিয়নের সদস্য মো. সজ্জাদ মিয়া, ১০নং ইউনিয়ন থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি শাহ আমজাদ আলী, সদস্য কাজী সুন্দর আলী এবং সদস্য মুহিব খাঁন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, মজিদুর রহমান মজিদ বলেন, বিএনপি দলীয় শৃঙ্খলার প্রশ্নে আপোষহীন। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ বহিষ্কারাদেশকে কেন্দ্র করে নবীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় দলের শৃঙ্খলা ফেরাতে কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত-কে ইতিবাচকভাবে দেখছেন তৃণমূলে নেতাকর্মীরা।
আজকের সিলেট/এএসআর
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








