সিলেটবাসী ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত : ডা. শফিকুর রহমান
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ AM

সিলেটবাসী ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৫:২০:৩৭ PM

সিলেটবাসী ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত : ডা. শফিকুর রহমান


সিলেটবাসী ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও ১১ দলের শীর্ষ নেতা আমির ডা. শফিকুর রহমান বলেছেন বাংলাদেশের সবচেয়ে বেশি খনিজ সমৃদ্ধ এলাকা সিলেট। সিলেটবাসী গ্যাস পাচ্ছেন না, গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ পাচ্ছেন না। হজরত শাহজালাল (র) অন্যায়, জুলুম ও তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে এসেছিলেন। তিনি জুলুমের বিরুদ্ধে জয়লাভ করেছেন। বিগত ১৭ বছরে এ দেশে সবচেয়ে মজলুম দল ছিলো জামায়াত, ১১ জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। ৫০ লক্ষ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, দলীয় নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। চব্বিশের ৫ আগস্ট বিজয় মিছিল না করে আমরা সিজদায় পড়ে গেলাম। দল হিসেবে জামায়াত জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার ঘোষণা করে। কিন্তু ব্যক্তিগতভাবে যারা ন্যায়বিচার চেয়েছেন, তাদের সহযোগিতা করা হয়েছে।

শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে মহানগর ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, যদি প্রধানমন্ত্রী হই, তবে ৫৪ হাজার বর্গমাইল বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। দুর্নীতি চাদাবাজি বন্ধ হলে ৫ বছরের মধ্যে দেশের চেহারা পাল্টে যাবে। আমরা দেশের মানুষের পাহারাদার হবো, মনিব হবো না। জামায়াত ক্ষমতায় গেলে কেউ ঘুষ নেওয়ার সাহস হবে না। সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতনভাতা ইনসাফ ভিত্তিক নয়, পর্যাপ্ত নয়। তাদের ইনসাফ ভিত্তিক বেতন দিলে, তারপরও ঘুষ নিলে শাস্তি দেওয়া উচিত।

জামায়াতের আমির আরো বলেন, যারা জনগণের টাকা চুরি করেছে, তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। পৃথিবীর যেখানে থাক, সেখান থেকেই টাকা ফেরত আনা হবে।

তিনি বলেন, রানীর ছেলে রাজা হবে, এদেশে এমনটা হবে না। দরিদ্র জেলে, তাঁতী, কিংবা চা শ্রমিকদের সন্তানরা নেতৃত্বে আসবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে শনিবার সিলেটে জনসভায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দুপুরের পর থেকে জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। প্রথমবারের মতো সিলেটে এবার জামায়াতের জনসভায় নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে।

সমাবেশে দলীয় ও জোট সিলেট ও সুনামগঞ্জের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর